সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বিপিএলে বিনিয়োগে আগ্রহী লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা


প্রকাশ : (১২ ঘন্টা আগে)
বিপিএলে বিনিয়োগে আগ্রহী লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিনে বিনিয়োগ করতে চান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র‍্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। উপযুক্ত সুযোগ ও পারস্পরিক সমঝোতা হলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই আসরের সঙ্গে যুক্ত হতে আগ্রহী তিনি।
আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ চলাকালে বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএলে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানান সামিন রানা। বাংলাদেশকে নিজের হৃদয়ের কাছের দেশ উল্লেখ করে তিনি বলেন, বিপিএল কিংবা বাংলাদেশের ক্রিকেটে অন্য কোনোভাবে যুক্ত হওয়ার সুযোগ খুঁজছেন তিনি।
বিপিএলের সম্ভাবনা নিয়ে আশাবাদী সামিন। তাঁর মতে, বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেট নিয়ে মানুষের আবেগ অনেক বেশি। ফলে দুই দেশের ক্রিকেট সংস্কৃতির শক্তিকে কাজে লাগিয়ে বিপিএলকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। কিছু সময় ধরে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও লিগটির উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান সামিন। আলোচনায় নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিপিএলকে কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে ভাবনা ভাগাভাগি করেছেন তাঁরা।
সামিন রানা জানান, দীর্ঘ ১১ বছর ধরে পাকিস্তান সুপার লিগের সঙ্গে যুক্ত থাকার সুবাদে ক্রিকেট ফ্র‍্যাঞ্চাইজি পরিচালনা ও টুর্নামেন্ট ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার জিএল২০ গ্লোবাল লিগ, টি-টেন লিগ এবং ক্রিকেট কানাডার সঙ্গেও কাজ করেছেন তিনি।
নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিপিএলের উন্নয়নে ভূমিকা রাখতে চান লাহোর কালান্দার্সের এই কর্ণধার। তাঁর ভাষ্য, দুই পক্ষের জন্য লাভজনক কোনো সুযোগ তৈরি হলে বিপিএলের সঙ্গে যুক্ত হতে তিনি আনন্দিত হবেন।
তবে বিপিএলে দল কেনার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি সামিন রানা। উপযুক্ত সুযোগ ও সমঝোতার ওপরই নির্ভর করছে বাংলাদেশের ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর সম্ভাব্য অংশগ্রহণ।

বিজ্ঞাপন