পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিটে অনুভূত এ কম্পনে খুজদারসহ আশপাশের কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় আশপাশের এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খুজদার ছাড়াও খারান ও কালাত জেলায় কম্পন অনুভূত হয়েছে। প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে সতর্ক রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।
বিশেষজ্ঞদের মতে, ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের কম গভীরে সংঘটিত ভূমিকম্পকে অগভীর ভূমিকম্প বলা হয়। এ ধরনের ভূমিকম্পে উৎপন্ন কম্পন ভূপৃষ্ঠে তুলনামূলক বেশি তীব্রতায় পৌঁছাতে পারে। এতে দুর্বল বা অপরিকল্পিত ভবনে ফাটল দেখা দেওয়ার ঝুঁকি থাকে।
প্রায় ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের বেলুচিস্তান ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত। ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও অ্যারাবিয়ান টেকটোনিক প্লেটের পারস্পরিক গতিশীলতার কারণে এ অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।
তবে এবারের ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।