ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, বাংলাদেশ বা নেপালের মতো গণবিক্ষোভের পথে নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের মাধ্যমেই ভারতের বর্তমান সরকারের পরিবর্তন ঘটাতে হবে। শনিবার (১৭ অক্টোবর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দিল্লিতে তিরাঙ্গা মার্চ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ কয়েকজন আন্দোলনকারীকে আটক করার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রকাশ রাজ। তিনি বলেন, ভারতের জনগণের হাতে সংবিধান ও ভোটাধিকার রয়েছে। পাশাপাশি মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও ভগত সিংয়ের আদর্শও রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের বলপ্রয়োগ ও দমনপীড়নেরও সমালোচনা করেন এই অভিনেতা। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা না করে শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, যা মানুষের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরাঙ্গা’ স্লোগানের প্রসঙ্গ টেনে প্রকাশ রাজ প্রশ্ন তোলেন, জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের তরুণেরা প্রতিবাদে নামলে তাঁদের বাধা দেওয়া হচ্ছে কেন।
তিনি আরও বলেন, সংবিধান নাগরিকদের প্রতিবাদের অধিকার দিয়েছে। বলপ্রয়োগ করে আন্দোলন দমিয়ে রাখা সম্ভব নয়। এ বিষয়ে আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলোর সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। কৃষক সংগঠন ও সুশীল সমাজের অংশগ্রহণে আন্দোলন আরও জোরালো হতে পারে বলেও মন্তব্য করেন প্রকাশ রাজ।
সূত্র: ইন্ডিয়া টুডে