বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

কলকাতায় মিছিল ঘিরে দোকান ভাঙচুরের অভিযোগ


প্রকাশ :

ভারতের কলকাতা শহরের নিউ মার্কেট এলাকায় বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মিছিল চলাকালে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ডেরেক ও'ব্রায়েন দাবি করেন, পুলিশের অনুমতি নিয়েই ওই বিজয় মিছিল বের করা হয়েছিল। তবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই প্রকাশ্যে বুলডোজার এনে দোকানটি ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে ঘিরে তিনি তীব্র সমালোচনা করেন এবং বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আনার আহ্বান জানান।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, মিছিলের অনুমতি থাকলেও বুলডোজার ব্যবহারের কোনো অনুমতি দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নতুন করে রাজনৈতিক বিতর্কও উসকে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আগে থেকেই অভিযোগ করে আসছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ হতে পারে। নিউ মার্কেটের এই ঘটনাকে সেই আশঙ্কার উদাহরণ হিসেবে তুলে ধরছে দলটি।

তবে ভারতীয় জনতা পার্টি নেতারা সহিংসতার অভিযোগ অস্বীকার করে বলেছেন, কোনো কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রশাসনকেও নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়েই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিউ মার্কেটসহ সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা নতুন সরকারের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।