বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরান ইস্যুতে নমনীয় ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো


প্রকাশ :

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে ঊর্ধ্বমুখী থাকা আন্তর্জাতিক তেলের বাজারে আবারও কিছুটা স্বস্তি ফিরেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেওয়ার পর বুধবার (৬ মে) তেলের দাম কমেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা যাচাই করতে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সহায়তার লক্ষ্যে নেওয়া ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার এই অবস্থানকে বাজারে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এই ঘোষণার পর বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১০০ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়।

এর আগে সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি হয়।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। এই পথকে ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।

এর মধ্যে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রেখে ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তিনি দাবি করেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে একই সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে দেশটির বন্দরগামী জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।