মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই জাহাজ চলাচল সহায়তায় নেওয়া যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৫ মে) তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির অগ্রগতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পারস্পরিক সমঝোতার সুযোগ তৈরি করতেই অল্প সময়ের জন্য কার্যক্রমটি স্থগিত রাখা হচ্ছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে সোমবার শুরু হওয়া এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।
সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বৈশ্বিক তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার সুযোগ তৈরি করতে সাময়িকভাবে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হয়েছে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়ে। মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার প্রায় ২ দশমিক ৩০ ডলার কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।
যদিও সম্ভাব্য চুক্তির অগ্রগতি বা স্থগিতাদেশের মেয়াদ নিয়ে হোয়াইট হাউস বিস্তারিত কিছু জানায়নি, তবু এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন—হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দেওয়া হবে না।
উল্লেখ্য, মাইন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকির মাধ্যমে ইরান প্রণালিতে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কিছু বন্দর অবরোধের পাশাপাশি বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
সূত্র: রয়টার্স