বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের পথে থালাপতি বিজয়


প্রকাশ :

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া সি জোসেফ বিজয়-এর দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দলে পরিণত হয়েছে। ২৩৪ সদস্যের পরিষদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, ফলে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০ আসন দূরে রয়েছে দলটি।

এই অবস্থায় সরকার গঠনের সমীকরণে বড় ভূমিকা রাখছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলটি টিভিকেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথকে অনেকটাই সুগম করেছে। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসকে টিভিকেকে সমর্থনের অনুমতি দিয়েছে। এতে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যার আরও কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল।

নির্বাচনে টিভিকে দীর্ঘদিনের প্রভাবশালী দুই দল ডিএমকে ও এআইএডিএমকে-কে পেছনে ফেলে এই সাফল্য অর্জন করে। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে জোটে আরও কয়েকটি আসন যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া ভারতীয় কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) এবং বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি-এর সমর্থন পাওয়ার আশা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, রাহুল গান্ধী শুরু থেকেই টিভিকেকে সমর্থনের পক্ষে ছিলেন। যদিও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন, রাজ্য নেতৃত্বই এ বিষয়ে সিদ্ধান্ত নিক। পরে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সমর্থনের অনুমোদন দেওয়া হয়।

জোট সরকার গঠিত হলে কংগ্রেস দুটি মন্ত্রিত্ব পাওয়ার আশা করছে। একই সঙ্গে তারা শর্ত দিয়েছে, টিভিকে যেন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বা তাদের শরিকদের সঙ্গে—বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে—কোনো সমঝোতায় না যায়।

দীর্ঘদিন ধরে ডিএমকে ও এআইএডিএমকের প্রাধান্য থাকা তামিলনাড়ু রাজনীতিতে এবার নতুন শক্তির উত্থান ঘটেছে। সবকিছু ঠিক থাকলে ৭ মে শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। চেন্নাইয়ের পানাইয়ুরে টিভিকের প্রধান কার্যালয়ে জোট চূড়ান্ত করতে ব্যস্ততা চলছে।

সব মিলিয়ে, সিনেমার জনপ্রিয় ‘থালাপতি’ এখন বাস্তব রাজনীতির কেন্দ্রবিন্দুতে—ক্ষমতার মসনদে বসার অপেক্ষা শুধু সময়ের।