চার হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতেই রংপুরে অটোরিক্সা চালক মোকলেছুর রহমানের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোকলেছুর গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনীদাস এলাকার বাসিন্দা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নিজের অটোরিক্সা নিয়ে বের হন মোকলেছুর। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। এক পথচারী কাউয়াফান্দা এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির লাইটের আলোয় রাস্তায় একজনকে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই পথচারী চিৎকার করলে আশপাশে লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা মোকলেছুরকে হত্যার পর তার অটোরিক্সাটি নিয়ে গেছে দূর্বৃত্তরা।
নিহত মোকলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান বলেন, আমার বাবাকে অটো ছিনতাইয়ের কারণে হত্যা করা হয় নাই। আমার বাবাকে জমি সংক্রান্ত জেরে হত্যা করেছে।
গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর বলেন, লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অটোরিক্সা ছিনতাই থেকে হত্যার ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
‘প্রবীণদের নিয়ে রিক এর পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন
১০ ঘন্টা আগে