শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নেপালে ভূমিধস ও প্লাবনে প্রাণহানিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের গভীর শোক


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
নেপালে ভূমিধস ও প্লাবনে প্রাণহানিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের গভীর শোক

নেপালে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক প্লাবনে অসংখ্য মানুষের প্রাণহানি, আহত ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী ও সাধারণ সম্পাদক শফিয়ার রহমান নেপালের মর্মান্তিক দুর্যোগে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান ও উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হিমালয় অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে ভূমিধস, হিমবাহ-ধস, অতিবৃষ্টি ও আকস্মিক প্লাবনের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, পাহাড়ি অঞ্চলের ভূপ্রাকৃতিক অস্থিতিশীলতা এবং দ্রুত পরিবর্তিত আবহাওয়ার কারণে এসব দুর্যোগের ঝুঁকি আরও বাড়ছে। এর প্রভাব শুধু নেপাল বা হিমালয় অঞ্চলের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়; হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর নিম্ন অববাহিকায় অবস্থিত বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য এটি একটি বড় সতর্কবার্তা।
তাঁরা বলেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নদী ও জলবায়ু ব্যবস্থাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তিস্তা, ব্রহ্মপুত্রসহ হিমালয়-উৎসারিত নদীগুলোর পানিপ্রবাহ, পলি, বন্যা ও পরিবেশগত ভারসাম্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনাকে শুধু জাতীয় স্বার্থের সংকীর্ণ কাঠামোয় না দেখে অববাহিকাভিত্তিক আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পরিচালনা করা প্রয়োজন।
নেতৃবৃন্দ হিমবাহ ও পাহাড়ি দুর্যোগ পর্যবেক্ষণ, আবহাওয়া ও নদীর পানি-সংক্রান্ত তথ্য বিনিময়, অভিন্ন আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আন্তঃসীমান্ত দুর্যোগ মোকাবিলায় চীন, ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান।
তাঁরা আশা প্রকাশ করেন, নেপালের এই মর্মান্তিক বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো নদী, পানি, পরিবেশ ও জলবায়ু নিরাপত্তাকে বিরোধের বিষয় না বানিয়ে পারস্পরিক সহযোগিতার নতুন ভিত্তি হিসেবে গড়ে তুলবে। হিমালয় ও এর নদীগুলোকে ঘিরে মানবিক নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং টেকসই উন্নয়নের স্বার্থে আঞ্চলিক সহযোগিতাই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে কার্যকর পথ।

বিজ্ঞাপন