শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে আলোচিত চার খুনের রহস্য উদ্ঘাটনে ব্যর্থতা নিয়ে জামায়াতের উদ্বেগ


প্রকাশ : (১৩ ঘন্টা আগে)
রংপুরে আলোচিত চার খুনের রহস্য উদ্ঘাটনে ব্যর্থতা নিয়ে জামায়াতের উদ্বেগ

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য এখনো পরিষ্কার হয়নি। গোয়েন্দা সংস্থাগুলোও ঘটনার সঠিক ক্লু বের করতে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি শিক্ষিত ও ভদ্র পরিবারের চারজন মানুষকে হত্যা করা হয়েছে। অথচ ঘটনার পর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঠিক রহস্য উদ্ঘাটন হয়নি। প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের মধ্যেও মিল পাওয়া যাচ্ছে না। ফলে হত্যাকাণ্ড ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা এখনো কাটেনি।

তিনি আরও বলেন, সরকার গোয়েন্দা সংস্থাগুলোর পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। অতীতে মামলা বা শত্রুতা না থাকা ব্যক্তিকেও গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে। অথচ একটি পরিবারের চার সদস্য হত্যার মতো গুরুতর ঘটনার প্রকৃত ক্লু এখনো বের করতে না পারা উদ্বেগের বিষয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে প্রকৃত ঘটনা সম্পর্কে জাতিকে জানানোর মতো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করা হয়েছে কি না, তা গণমাধ্যমের কাছে পরিষ্কার নয়। দ্রুত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, এ সময়ে দেশে প্রায় সাড়ে ৫০০ হত্যাকাণ্ড ঘটেছে। জনদুর্ভোগও বেড়েছে। উত্তরাঞ্চলে সারের সংকট চলছে, বেশি দাম দিয়েও কৃষকরা সার পাচ্ছেন না। লোডশেডিং চরমে উঠেছে। গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। এসব বিষয়ে সরকারের আরও গুরুত্ব দেওয়া উচিত।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্বশীলরা দলীয়করণ থেকে দূরে থাকতে পারেননি। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের দায়িত্বে থাকা নেতাদের পদায়ন করা হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ ও দেশের আটটি উন্নয়ন কর্তৃপক্ষেও বিএনপির লোকজনকে পদায়নের অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী এমন কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছে। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন, তাদেরই দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া উচিত।

নির্বাচনে দলীয় প্রার্থীদের পরাজয় ও প্রশাসনিক পদায়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ১৩শ ভোটে হারানো হয়েছে বলে দাবি করেন তিনি। বিএনপির পরাজিত নেতাদের বিভিন্ন এলাকায় প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত সংসদ সদস্যরা দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি তার।

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দায়িত্ব বণ্টন নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্যরা কোনো নির্দিষ্ট আসনের নির্বাচিত প্রতিনিধি নন। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী জনগণের দেখাশোনা, উন্নয়ন ও বরাদ্দসংক্রান্ত দায়িত্ব সংশ্লিষ্ট নির্বাচিত সংসদ সদস্যের। অথচ বর্তমান সরকার অতীতের রেওয়াজ ভেঙে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের বিভিন্ন আসন তদারকির দায়িত্ব দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে সরকারপ্রধান জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ দাবিতে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করছে এবং আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, শিবির নেতা সামসুল আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন