রংপুর গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১২ কিলোমিটার সড়ক সংস্কার, বাঁধ রক্ষাসহ তিন দফা দাবীতে স্বারকলিপি দিয়েছে এলাকাবাসী। রবিবার (২ আগস্ট) দুপুরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি তিস্তার ভাঙ্গনে চর বাগডোহরার ১২ কিলোমিটার দৈর্ঘ্যরে ৭টি সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে করে হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, অসুস্থ্য মানুষেরা চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন। যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকায় জরুরী চিকিৎসাসেবা ও কৃষি পণ্য পরিবহন থমকে গেছে। এছাড়া বড়াইবাড়ি খেয়াঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত এলাকাবাসী একটি প্রতিরোধ বাঁধ নির্মাণ করেছিল। কিন্তু তিস্তার ভাঙ্গনে সেই বাঁধটিতে ভাঙ্গন দেখা দিয়েছে। এটি পুরোপুরি ভেঙ্গে গেলে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত পরিবার বাস্তুচ্যুত হয়ে সর্বস্ব হারাবে।
স্বারকলিপিতে এলাকাবাসী ১২ কিলোমিটার ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার, বড়াইবাড়ি খেয়া ঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁধটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরী ভিত্তিকে জিও ব্যাগ ফেলা ও পরবর্তীতে স্থায়ী সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ, বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা ও পূর্নবাসনের ব্যবস্থা করার দাবী জানানো হয়। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, চর বাগডোহরার বাসিন্দা আল আমিন মিয়া, ইসমাইল হোসেন, মোনাইম হোসেন, মুকুল মিয়াসহ অন্যরা।