লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ খোকন মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ভেলাবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব ভেলাবাড়ী গ্রামের বাসিন্দা ও মোঃ ছকমল হোসেনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী থানার ভেলাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে ওই এলাকায় আসছে। পরে ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন মোটরসাইকেলটিকে থামানোর চেষ্টা করলে চালক ও আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে রিদয় (১৯) নামে একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হলেও মোটরসাইকেলের চালক খোকন মিয়া পালিয়ে যান।
পরদিন ২৬ জুন আদিতমারী থানায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে আদিতমারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রওশন কবির।
এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু বলেন, “ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে শুনেছি। বিষয়টি জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত খোকন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।