জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত করা, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে লালমনিরহাটে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে বহন করা ব্যানারে উল্লিখিত দাবিগুলো তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে মিশন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির অ্যাডভোকেট আবু তাহের, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু এবং নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের আন্দোলন। তারা জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের অগ্রগতি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং এ লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।