সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে মসজিদের মাইক চুরির প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

রবিবার (৭ জুন) দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা মসজিদের সম্পদ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে রাতে কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরি হয়। ঘটনার দুই দিন পর মসজিদ কমিটি অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে। পরে গত ৩ জুন মদাতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে এ বিষয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

অভিযোগ অনুযায়ী, মাইক চুরির ঘটনায় অভিযুক্ত নয়ন (৩৫), পিতা- আনোয়ার, ১নং ওয়ার্ড এবং রেজাউল (২৩), পিতা- হবিবর, ৪নং ওয়ার্ড। এছাড়া চুরি হওয়া মাইক দুটি তাদের কাছ থেকে চার হাজার টাকায় কিনে নেন মফিজুল (৫০), ১নং ওয়ার্ডের বাসিন্দা।

সালিশ চলাকালে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত জনতা চোরাই মাল ক্রয়ের অভিযোগে মফিজুলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং উপস্থিত জনতাকে শান্ত রাখতে মদাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাদা সেলিম হস্তক্ষেপ করেন এবং উপস্থিত জনতার সামনে  মফিজুলকে ৪/৫ টি প্রহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

কৈটারী উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. বাবর আলী (অবসরপ্রাপ্ত সার্জন, বাংলাদেশ সেনাবাহিনী) বলেন, "মসজিদের সম্পদ চুরির ঘটনা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়।"

মসজিদ কমিটির সম্পাদক মো. আব্দুল খালেক বলেন, "মসজিদ আল্লাহর ঘর। এখানকার সম্পদ চুরি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণধোলাই থেকে বাঁচাতেই সেলিম মেম্বার মফিজুল কে চার-পাঁচটি মার দিয়েছে।আমরা প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।"

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, "ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ চুরি সমাজের জন্য লজ্জাজনক ঘটনা। আমরা এর সুষ্ঠু বিচার ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ চাই।"

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।