সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র দুই ভাই নিখোঁজ


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র দুই ভাই নিখোঁজ হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

নিখোঁজরা হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা আপন দুই ভাই। তাদের বাবা মোহাম্মদ হেলাল উদ্দিন। বাড়ি মোগলহাট বাজারসংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যায়। এ সময় মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির নিখোঁজ হয়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা ধরলা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন।

স্থানীয় মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া জানান, দুপুরে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হয়ে দুই ভাই নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।