সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সরকারী নির্দেশনা মানছেন না আদিতমারী উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা !


প্রকাশ :

সরকারী নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হবার কথা। কিন্তু এ নির্দেশনা মানছেন না লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। দীর্ঘদিন ধরে অফিসে সঠিক সময়ে উপস্থিতি না থাকার অভিযোগ এলাকাবাসীর। যার সত্যতাও পাওয়া গেছে সরেজমিনে। 

সরেজমিনে রবিবার (৭ জুন) সকাল ৯টায় ১৫ মিনিটে অফিসে এসে দেখা গেছে, কেবলমাত্র একজন মাষ্টাররোলে নিযুক্ত কর্মচারী ভাদাই ইউনিয়ন ভূমি অফিসের মূল গেট খুলছেন। তিনি সংবাদকর্মী আসার খবরে দ্রুত অফিসে প্রবেশ করে পতাকা উত্তোলনের কাজটি সারেন। এরপর ৯ টায় ২৫ মিনিটে ঝাড়ু নিয়ে অফিস ও অফিসের বাহিরে ঝাড়ু দেয়ার কাজটি সেরে নেন। এরপর ৯টায় ৫০ মিনিটে ওই কর্মচারী অফিসের চেয়ার টেবিলগুলো ভালভাবে সাজিয়ে কর্মকর্তা কর্মচারীর জন্য অপেক্ষা করতে থাকেন।

এদিকে ঠিক ঘড়ির কাটা সকাল ১০ টায় অফিসে আসেন ভাদাই ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। তখন পর্যন্ত অফিসে আসেননি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস ছালাম। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। 

সকাল ১০ টায়ও তার বসার কক্ষে ঝুলছে তালা। আর বাহিরে বসে আছেন কয়েকজন ভুক্তভোগী। এসময় ভাদাই আরাজি দেওডোবা গ্রাম থেকে সেবা নিতে আসা রহিম মিয়া জানান, জমির খাজনা দেয়ার জন্য তিনি সকাল সকাল এসেছেন কিন্তু কোন কর্মকর্তা অফিসে না আসায় তিনি হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। একই দাবী সেবা নিতে আসা রাম মোহন নামের আরেক জনের।

এসব অভিযোগের বিষয়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন এ প্রতিনিধির সাথে কোন কথা বলতে রাজি হননি।

অফিসে দেরিতে আসা আরেক ভাদাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস ছালামকে একাধিকবার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আজিজা বেগম মোবাইল ফোনে জানান, দেরিতে কর্মকর্তা-কমচারী আসার বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখবেন।