লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি মামলায় মোট ৮ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবন করে শান্তিশৃঙ্খলা ভঙ্গের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করা হয়।
এ ছাড়া, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ অনুযায়ী ডিলিং লাইসেন্স প্রদর্শন করতে না পারায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বৈধ লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানের অংশ হিসেবে বাজার তদারকির সময় বিভিন্ন ফলের দোকান পরিদর্শন করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। পাশাপাশি পচা বা নিম্নমানের ফল বিক্রি না করা এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা, বাজার তদারকি এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।