বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার সময় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ । বুধবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে রাতেই রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আনা হয়। মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চার্জশীট হয়েছে ও বাকী দুটি তদন্তাধীন বলে জানিয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।এর আগে বুধবার (১৮ নভেম্বর) তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ বাহিনীর সদস্যা তাকে গ্রেপ্তার করে।
পরিবার জানায়, বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার কথা ছিলো।
পুলিশ জানায়, বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর নামে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলা চূড়ান্ত হলেও দুটি মামলা তদন্তাধীন।সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম বলেন, গ্রেপ্তারকৃত মোসাদ্দেক হোসেন বাবলুর নামে মামলা রয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।