বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ৬ সচিবসহ ৬ কর্তৃপক্ষকে আইনি নোটিশ


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
শেখ হাসিনাকে দেশে ফেরাতে ৬ সচিবসহ ৬ কর্তৃপক্ষকে আইনি নোটিশ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে তিনি এ নোটিশ পাঠান।

নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে এ নোটিশের প্রাপক করা হয়েছে।

আইনজীবীর নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠাতে হবে। পাশাপাশি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নোটিশে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক ও কূটনৈতিক প্রোটোকলসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকতে পারে। এসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দেশে ফেরার পর তাঁর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁকে সেখানে নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম সচল রাখতে ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের দেওয়া রায় ও আদেশ যথাযথভাবে কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাঁকে অবহিত করার দাবি জানিয়েছেন।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন