বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তিস্তা মহাপরিকল্পনা : বাস্তবায়নে চাই চূড়ান্ত রোডম্যাপ 


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
তিস্তা মহাপরিকল্পনা : বাস্তবায়নে চাই চূড়ান্ত রোডম্যাপ 

১৯ নভেম্বর লালমনিরহাটে তিস্তা অববাহিকার মানুষের এক জনসমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তিস্তাপারের কোটি মানুষের প্রত্যাশা, এই জনসমাবেশ থেকে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা করবেন। সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, ২০২৭ সালে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে এবং সাত-আট বছরের মধ্যে পুরো প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে। এই ঘোষণা আশাব্যঞ্জক। তবে প্রশ্ন হচ্ছে, প্রথম পর্যায়ের কাজ কবে, কীভাবে এবং কত টাকা বরাদ্দ নিয়ে শুরু হবে? প্রকল্পের অনুমোদন ও অর্থায়নের পরিকল্পনা কী? প্রধানমন্ত্রীর কাছে এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর প্রত্যাশা করছেন উত্তরাঞ্চলের মানুষ।

গত ২৯ অক্টোবর লালমনিরহাট সার্কিট হাউসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নোঙর ট্রাস্টের ব্যবস্থাপনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুয়েটের প্রকৌশলী ও মহাপরিকল্পনা বিষয়ক কারিগরি কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান প্রকল্পের মূল বিষয়গুলো উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, তিস্তা নদী রক্ষা আন্দোলন, নোঙর ট্রাস্ট, বাপা ও তিস্তা ফোরামের প্রতিনিধিরা।

সভায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে নদীর পানি ব্যবস্থাপনা, পরিবেশ-প্রতিবেশ, কৃষি ও ভূমি ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। তিস্তার উজানে বর্ষার পানি সংরক্ষণে নতুন ব্যারেজ নির্মাণের পরিবর্তে সংযোগ বিচ্ছিন্ন শাখা নদী ও উপনদীগুলোর সংযোগ পুনঃস্থাপনের দাবি জানানো হয়। পরিকল্পিতভাবে এসব নদী পুনরুজ্জীবিত করা গেলে প্রাকৃতিক জলাধার হিসেবে বর্ষার পানি ধারণ ও সংরক্ষণ এবং শুকনো মৌসুমে পানির ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার কারিগরি পরামর্শ নিয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ আজ থেকে শুরু হয়নি। ২০১৬ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ারচায়নার সমঝোতার পর সমীক্ষা ও নকশার কাজ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গণশুনানি ও পাঁচ জেলায় মতবিনিময়সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এমনকি ২০২৬ সালের ১ জানুয়ারি প্রকল্প উদ্বোধনের ঘোষণাও দেওয়া হয়েছিল, যা বাস্তবায়িত হয়নি। তাই আগের সমীক্ষা, নকশা ও কারিগরি প্রস্তুতির অগ্রগতি মূল্যায়ন করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বারবার নতুন করে প্রক্রিয়া শুরু করে সময়ক্ষেপণের সুযোগ নেই।

নিজস্ব অর্থায়নে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে। আমরা পদ্মা প্রকল্পের বিরোধী নই। আমাদের দাবি, পদ্মার মতো তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদন পাবে, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস্তবায়ন শুরু হবে। দেশের এক অঞ্চলে বড় প্রকল্প হবে, আর অন্য অঞ্চলের মানুষ নদীভাঙন, খরা ও দারিদ্র্যের সঙ্গে লড়বেন—এ বৈষম্য চলতে পারে না। উন্নয়ন হতে হবে সুষম। তিস্তা মহাপরিকল্পনা কোনো আঞ্চলিক অনুগ্রহ নয়; এটি জাতীয় উন্নয়ন ও খাদ্যনিরাপত্তার প্রশ্ন।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ২০১৫ সাল থেকে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে। একই দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনও ব্যাপক জনসমর্থন পেয়েছে। এ আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন  বর্তমান সরকারের দুর্যোগ ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আমরা মনে করি, তিস্তা মহাপরিকল্পনাকে কেবল বাঁধ নির্মাণ ও নদী খননের প্রকল্প হিসেবে দেখলে চলবে না। এটি হতে হবে নদী পুনরুদ্ধার, বিজ্ঞানসম্মত পানি ব্যবস্থাপনা, কৃষির বিকাশ, পরিবেশ সংরক্ষণ ও মানুষের জীবন-জীবিকার সমন্বিত পরিকল্পনা। তিস্তা বাংলাদেশের নদী। এর ভবিষ্যৎ কোনো দেশের ভূরাজনৈতিক প্রতিযোগিতার কাছে জিম্মি থাকতে পারে না। নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে চীন,নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার কারিগরি সহযোগিতার বিষয়টিও ইতিবাচক। পাশাপাশি ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর পানিবণ্টন চুক্তির কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রাখতে হবে।

মহাপরিকল্পনার সঙ্গে সমন্বয় না করে পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থার বিক্ষিপ্ত উন্নয়নকাজ বন্ধ করতে হবে। বিশেষ করে তিস্তার খাসজমি কোনো সংস্থা বা কোম্পানিকে বরাদ্দ দেওয়া চলবে না। উদ্ধারকৃত জমির ওপর প্রথম অধিকার থাকতে হবে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষক ও প্রকৃত অধিকার হারানো মানুষের। তাদের পুনর্বাসন ও কৃষিকাজের সুযোগ নিশ্চিত করতে হবে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ মহাপরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘদিন ধরে ছয় দফা দাবি তুলে ধরেছে। বর্তমান পরিস্থিতিতে এগুলোকে কার্যকর বাস্তবায়ন কাঠামো হিসেবে গ্রহণ করা প্রয়োজন।

প্রথমত, প্রকল্পের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করতে হবে। একনেকে অনুমোদনের সময়, প্রকল্পের ব্যয়, কাজের পর্যায় ও প্রথম পর্যায়ের কাজ শুরুর নির্দিষ্ট তারিখ প্রকাশ করতে হবে।

দ্বিতীয়ত, জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে পৃথক বরাদ্দ নিশ্চিত করে পর্যায়ক্রমিক অর্থায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তৃতীয়ত, নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, কৃষিবিদ, পরিবেশবিদ ও অর্থনীতিবিদদের পাশাপাশি আন্দোলনরত সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে তিস্তা কর্তৃপক্ষ গঠন করতে হবে। দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

চতুর্থত, বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে পরিবেশসম্মত বালু-পাথর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এ খাতের রাজস্বের একটি নির্ধারিত অংশ নদী পুনরুদ্ধার, ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসনে ব্যয় করতে হবে।

পঞ্চমত, সরকারি তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি, দেশীয় বিনিয়োগকারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ‘তিস্তা বন্ড’ চালু করতে হবে। সংগৃহীত অর্থ কেবল মহাপরিকল্পনার কাজে ব্যয় নিশ্চিত করতে হবে।

ষষ্ঠত, কৃষক সমবায়, পুনর্বাসন ও কর্মসংস্থানকে প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। উদ্ধারকৃত জমি ও উন্নত সেচব্যবস্থার সুফল প্রকৃত কৃষকের কাছে পৌঁছাতে হবে। কৃষক সমবায়ের মাধ্যমে বীজ, সার, কৃষিযন্ত্র, হিমাগার এবং কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রীর ঘোষিত সাত-আট বছরের সময়সীমা বাস্তবায়ন করতে হলে এখনই প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে হবে। একনেকে অনুমোদন, অর্থায়নের উৎস, বার্ষিক বরাদ্দ ও পর্যায়ভিত্তিক কাজের সময়সূচি জনগণের সামনে প্রকাশ করা জরুরি। মতবিনিময় সভায় নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের সংগঠক এ কে এম মমিনুল হকও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন—তিস্তাপারের মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান।

আমাদের আহ্বান, ১৯ নভেম্বরের জনসমাবেশ থেকে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট সিদ্ধান্ত ঘোষণা করুন। ২০২৭ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর ভিত্তি, একনেকে অনুমোদন, অর্থায়ন এবং সাত-আট বছরের মধ্যে প্রকল্প সমাপ্তির সময়বদ্ধ রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরুন।

তিস্তাপারের মানুষ আর প্রতিশ্রুতির বন্যা চান না। তাঁরা চান নদীভাঙন থেকে মুক্তি, শাখা নদী ও উপনদীর পুনর্জীবন, কৃষকের জমিতে সেচের পানি এবং উদ্ধারকৃত জমিতে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার।

এখন আর প্রতিশ্রুতি নয় চাই সিদ্ধান্ত, চাই কাজ, চাই বাস্তবায়নে সুনির্দিষ্ট রোড ম্যাপ।

লেখক: শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সভাপতি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

বিজ্ঞাপন