সিপিবি’র কেন্দ্রীয় সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, আমাদের দেশের রাজনীতি কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। লুটপাট, দুঃশাসনসহ সামাজ্যবাদীদের কাছে দেশ বিক্রি করে দেয়ার প্রক্রিয়া যেমন শুরু হয়েছে, তেমনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালন দেখা যাচ্ছে। সেই সাথে যারা ক্ষমতা থেকে পড়ে গিয়েছিল তাদেরও আস্ফালন দেখা যাচ্ছে। এর ভেতর দিয়ে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। একজন বামপন্থী মানুষ দেশে বেঁচে থাকতে দেশকে পিছিয়ে যেতে দেয়া হবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫ দফা দাবীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, আজ বামপন্থী, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। যারা গত ৫৫ বছর শাসন করেছে, তাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে আগামীতে শ্রমজীবি, মেহনতি মানুষের সরকার গঠন করতে হবে। আসুন সাধারণ মানুষকে আমরা সেই চেতনায় উদ্ভাসিত করি। সেই সংগ্রামকে জোরদার করি। আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই করতে হবে, লুটেরা কখনো এটা করবে না।
তিনি বলেন, দেশবাসীর কাছে জানাচ্ছি দেশে আরেকটি গণঅভ্যূত্থানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এইবারের গণঅভ্যূত্থান হবে কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরদের গণঅভ্যূত্থান। এর মাধ্যমে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।
সিপিবি রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিহির ঘোষ ও সুব্রতা রায়, সিপিবি জেলা কমিটির নেতা কমরেড আমজাদ সরকার, আলতাফ হোসেন, অধ্যাপক কামরুজ্জামান, মাহবুব আরা লিনা। সমাবেশটি সঞ্চালনা করেন, সিপিবি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল।
এ সময় মুক্তিযুদ্ধ ও গণ অভ্যূত্থানের চেতনায় শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্যচুক্তি বাতিল, ডিপি ওয়ার্ল্ডের সাথে সম্পাদিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তি বাতিল, শ্যামপুর চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত্ব সকল বন্ধ চিনিকল এবং বন্ধ অন্যান্য সব কলকারখানা চালু করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মব সন্ত্রাস বন্ধ ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়। এরপর একটি লাল পতাকা মিছিল টাউন হল থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরীমণিসহ তিনজনের মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ
১৪ ঘন্টা আগে