সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত এক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এ সংসদের সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত হয়েছেন। আইন প্রণয়নের পাশাপাশি সংসদ সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার তদারকি করা সংসদ সদস্যদের দায়িত্ব।
স্পিকার আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখতে হবে।
বক্তব্যে তিনি বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন, ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে সহযোগিতার জন্য ইউএনডিপির ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ও কর্মসম্পাদনে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বর্তমান নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। এসডিজি বাস্তবায়নেও বর্তমান সংসদের সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচসহ মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: (বাসস)
দেশকে পিছিয়ে দিতে লুটপাট, দুঃশাসনসহ স্বাধীনতা বিরোধী ও পতিতদের আস্ফালন দেখা যাচ্ছে -রংপুরে সিপিবি সভাপতি
৫ ঘন্টা আগে
পরীমণিসহ তিনজনের মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ
১৪ ঘন্টা আগে