বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ভারতে পলাতকদের আশ্রয়, দিল্লির নীরবতায় শঙ্কা হাসনাতের


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
ভারতে পলাতকদের আশ্রয়, দিল্লির নীরবতায় শঙ্কা হাসনাতের

ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বিষয়ে দেশটির নীরব ভূমিকা বাংলাদেশের জন্য শঙ্কার কারণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকেই এখন ভারতকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে আখ্যায়িত করছেন। যারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন, ভারত তাদের আশ্রয় দিয়েছে। এ বিষয়ে ভারতের নীরব ভূমিকা বাংলাদেশের জন্য উদ্বেগের।

তিনি বলেন, আওয়ামী লীগ এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের বিচার কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, দেশের বাইরে পালিয়ে থাকা ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও দেশে অবস্থানকারীদের শুধু কারাদণ্ড দেওয়া হচ্ছে।

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভকে ন্যায্য আন্দোলন উল্লেখ করে হাসনাত বলেন, এই আন্দোলনে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাই শ্রমিকদের সচেতন থাকতে হবে, যাতে তাদের ন্যায্য আন্দোলনে অন্য কোনো পক্ষ প্রবেশ করতে না পারে।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। এখন বাংলাদেশের সঙ্গে তারা কোন প্রক্রিয়ায় সম্পর্ক বজায় রাখতে চায়, সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, সারা দেশ থেকে লোক ভাড়া করে কোনো একটি জেলায় নাশকতা করার অধিকার কারও নেই। এ ধরনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। শেখ হাসিনার রায় কার্যকর করতে সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের হানিমুন পিরিয়ড শেষ। এখন সরকারের ভালো কিছু করে দেখানোর সময়।

দলটির আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সারা দেশে আওয়ামী লীগের লক্ষ্যবস্তু এখন এনসিপি। তাঁর দাবি, এনসিপি থাকলে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের জায়গা হবে না।

তিনি অভিযোগ করেন, হবিগঞ্জের একজন চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামকে হেনস্তা ও হামলা করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন