বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

গাজীপুর-সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
গাজীপুর-সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উপকণ্ঠ সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়াপাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভারে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড এবং গাজীপুরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে বেলা ১২টার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি ও পদ্মার মোড় এলাকায় স্টারলিং গ্রুপসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়াপাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

একই সময়ে আশুলিয়ার জামগড়া, খেজুর বাগান, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও কর্মবিরতি পালন করে রাস্তায় নামার চেষ্টা করেন।

সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও রাজফুলবাড়ী এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় বেলা ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এদিকে পরিস্থিতির কারণে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে একটি কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে আশপাশের একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হলে হাজারো শ্রমিক সড়কে নেমে আসেন।

সকাল সোয়া ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ভোগড়া থেকে টাঙ্গাইলমুখী সড়কের ডিভাইডার ভেঙে মহাসড়কে ফেলে দেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও শ্রমিকেরা সড়ক ছাড়েননি। এ সময় ভোগড়া থেকে নাওজোর পর্যন্ত মহাসড়কের দুই পাশে হাজারো শ্রমিককে অবস্থান নিতে দেখা যায়।

শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরেই পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, সোমবার মজুরি বোর্ডের নির্ধারিত সভায় নতুন ন্যূনতম মজুরি নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে শ্রমিকেরা আশা করেছিলেন। কিন্তু সভা পিছিয়ে দেওয়ায় হতাশা থেকে মঙ্গলবার তারা নতুন করে বিক্ষোভে নামেন।

সাভারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেক শ্রমিক কারখানায় হাজিরা দিয়ে বাড়ি ফিরে গেছেন।

বাগবাড়ি এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, এলাকার অন্যান্য কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে স্টারলিং গ্রুপের শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের সবকটি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও জোরদার করা হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন