বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গোপালগঞ্জে নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার কোনো ধরনের নাশকতা ও সহিংসতা সহ্য করবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, সমাবেশ কিংবা সভা করারও সুযোগ নেই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বক্তব্য দিয়েছেন। সরকার কোনো ধরনের নাশকতা ও সহিংসতা মেনে নেবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। পাশাপাশি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো ঘটনাও গ্রহণযোগ্য নয়।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিওতে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করার কাজ চলছে। ইতিমধ্যে এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব পালনের প্রয়োজনে পুলিশের বলপ্রয়োগের ক্ষমতা রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না। প্রয়োজন অনুযায়ী ও আনুপাতিক হারে শক্তি প্রয়োগ করে দায়িত্ব পালন করতে হবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার বিষয় সামনে এলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করা হলেই তিনি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

গোপালগঞ্জে সহিংসতার প্রথম দিনের পরিস্থিতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সেদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে, তা সরকারের নেওয়া কৌশলের অংশ।

তার দাবি, গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকার সঠিক পদ্ধতিতে এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকেরাও পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন