১০ নভেম্বর কারমাইকেল কলেজের ১১০ বছর পূর্তি অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে সাড়ম্বরে পালিত হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১০ বছরের পথচলা নিঃসন্দেহে গৌরবের। কিন্তু শুধু বয়স, ঐতিহ্য আর অতীতের সাফল্য দিয়ে বর্তমানের শিক্ষার মান ধরে রাখা যায় না। যে কারমাইকেল কলেজ একসময় উত্তরবঙ্গের উচ্চশিক্ষার প্রধান বাতিঘর ছিল, আজ প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর এই বিশাল প্রতিষ্ঠানে শিক্ষকসংকট, শ্রেণিকক্ষ ও আবাসনের অভাব, গবেষণার সীমিত সুযোগ এবং নানা অব্যবস্থাপনা শিক্ষার পরিবেশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তাই ১১০ বছর পূর্তিতে অতীতের গৌরবগাথা স্মরণ করার পাশাপাশি বর্তমান সংকট চিহ্নিত করে ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি।
কারমাইকেল কলেজের সঙ্গে আমার সম্পর্ক কেবল একজন প্রাক্তন শিক্ষার্থীর নয়; এই প্রতিষ্ঠানের আন্দোলন-সংগ্রামের ইতিহাসের সঙ্গেও আমার আত্মিক সম্পর্ক রয়েছে। সত্তরের দশকে আমি যখন এই কলেজের শিক্ষার্থী, তখন কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে যে তুমুল ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, আমি ছিলাম তার একজন সংগঠক। তখন কলেজে ১৪-১৬টি বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করার পর স্নাতকোত্তর পড়াশোনার জন্য শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। এতে সময়, অর্থ ও আবাসনসহ নানা সমস্যার মুখোমুখি হতে হতো উত্তরবঙ্গের শিক্ষার্থীদের। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই আমরা কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তুলেছিলাম।
পাঁচ দশকেরও বেশি সময় পর সেই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট বদলে গেছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় কারমাইকেল কলেজের ৭৫ একর জমি অধিগ্রহণ করে স্বতন্ত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আমিও সম্পৃক্ত ছিলাম। ফলে সত্তরের দশকের সেই দাবির মূল উদ্দেশ্য—রংপুরে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা—প্রাতিষ্ঠানিক বাস্তবতা পেয়েছে। এ কারণে কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পুরোনো দাবিটি এখন আর প্রাসঙ্গিক নয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজে ১৭টি বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ রয়েছে। রংপুর নাগরিক কমিটির পুরোধা ব্যক্তিত্ব সর্বজনশ্রদ্ধেয় মোহাম্মদ আফজালের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ফল হিসেবে কলেজে পুনরায় উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাক্রম চালু হয়েছিল। এখন প্রধান প্রশ্ন হলো শিক্ষার মান। প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার মান নিশ্চিত করা এবং কলেজটির ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষা করাই সময়ের দাবি।
কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার ইতিহাস সম্মিলিত উদ্যোগ ও সামাজিক দায়িত্ববোধের এক অসাধারণ দৃষ্টান্ত। ১৯১৩ সালের নভেম্বরে বাংলার গভর্নর রংপুর সফরে এলে জেলার জমিদারদের একটি প্রতিনিধিদল তাঁর কাছে কলেজ প্রতিষ্ঠার দাবি জানায়। তাঁরা প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য তিন লাখ টাকা সংগ্রহের প্রতিশ্রুতি দেন। তৎকালীন জেলা কালেক্টর জ্ঞানেন্দ্রনাথ গুপ্তের উদ্যোগে তাজহাটের রাজা গোপাল লাল রায়চৌধুরী, কুণ্ডির সুরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী এবং টেপার অন্নদামোহন রায়চৌধুরীকে নিয়ে ট্রাস্টি বোর্ড গঠিত হয়। কলেজ নির্মাণের জন্য গঠন করা হয় ১৮ সদস্যের কমিটি।
জমিদারদের পাশাপাশি ব্যবসায়ী, জোতদার ও সমাজের বিত্তবান ব্যক্তিরাও এগিয়ে আসেন। তাঁদের মধ্যে ছিলেন কাশিমবাজারের মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী, মন্থনার ভবসুন্দরী দেব্যা চৌধুরানী, মহিপুরের মৌলভী আব্দুল আজিজ চৌধুরী, বঙ্কুবিহারী সাহা ও আশারাম মহেশ্বরীসহ অনেকে। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে জানা যায়, কলেজ প্রতিষ্ঠার জন্য প্রায় ৯০০ বিঘা জমি সংগ্রহ করা হয়েছিল। কুণ্ডির জমিদার মনীন্দ্রচন্দ্র ও সুরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী দান করেছিলেন ৪১৯ বিঘা জমি।
১৯১৬ সালের ১০ নভেম্বর বাংলার গভর্নর লর্ড টমাস ব্যারন কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯১৭ সালের জুলাই মাসে রংপুর জেলা বোর্ড ভবনে পাঠদান শুরু হয়। পরবর্তী সময়ে ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি গভর্নর আর্ল অব রোনাল্ডসে নবনির্মিত মূল ভবন উদ্বোধন করেন। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ড. ওয়াটকিনস। টেপার জমিদার অন্নদামোহন রায়চৌধুরীর এক লাখ টাকা অনুদানে নির্মিত হয় অন্নদামোহন হল। তাজহাটের রাজা গোপাল লাল রায়ের অনুদান ও সহযোগিতায় নির্মিত ছাত্রাবাস আজও তাঁর স্মৃতি বহন করছে।
এক শতাব্দী আগে যাঁরা নিজেদের জমি, অর্থ ও সামর্থ্য দিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদের উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি। তাঁদের সেই সামাজিক দায়বদ্ধতা আজ আমাদের জন্যও শিক্ষণীয়। অথচ ১১০ বছর পর এসে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর এই কলেজে প্রয়োজনের তুলনায় শিক্ষকসংখ্যা কম, নিয়মিত ক্লাস পরিচালনায় ঘাটতি রয়েছে, শ্রেণিকক্ষ ও ব্যবহারিক শিক্ষার সুযোগ অপ্রতুল। আবাসিক হলের সংকটও প্রকট। এসব সমস্যার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার ক্ষেত্রেও নতুন করে মনোযোগ দেওয়া প্রয়োজন। কলেজের গ্রন্থাগারে প্রায় ৭০ হাজার বই রয়েছে। অথচ গ্রন্থাগারে শিক্ষার্থীদের উপস্থিতি ও বই ব্যবহারের প্রবণতা অত্যন্ত কম। এত সমৃদ্ধ গ্রন্থভান্ডার থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা যদি বই পড়ার অভ্যাস গড়ে না তোলে, তাহলে এই সম্পদের যথার্থ ব্যবহার হচ্ছে না। শুধু পরীক্ষার প্রস্তুতি ও পাঠ্যবইনির্ভর শিক্ষা দিয়ে উচ্চশিক্ষার প্রকৃত উদ্দেশ্য পূরণ সম্ভব নয়।
এ ক্ষেত্রে গ্রন্থাগারকে শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত করতে হবে। বিভাগভিত্তিক পাঠতালিকা তৈরি করে শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে নির্ধারিত সংখ্যক সহায়ক ও রেফারেন্স বই পড়তে উৎসাহিত করা যেতে পারে। বইপাঠ, বই পর্যালোচনা, পাঠচক্র, বিতর্ক ও বিষয়ভিত্তিক আলোচনা নিয়মিত আয়োজন করতে হবে। গ্রন্থাগারে ডিজিটাল ক্যাটালগ, ই-বুক, অনলাইন জার্নাল ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের গ্রন্থাগার ব্যবহারের পরিসংখ্যান সংরক্ষণ এবং বিভাগভিত্তিক পাঠ কার্যক্রম মূল্যায়নের ব্যবস্থা থাকা দরকার। গ্রন্থাগারকে কেবল বই সংরক্ষণের স্থান নয়, গবেষণা, অনুসন্ধান ও মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মানোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। কারমাইকেল কলেজকেও এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হতে হবে। শিক্ষার্থীরা যেন এআই ব্যবহার করে বিষয়ভিত্তিক তথ্য অনুসন্ধান, ভাষা শিক্ষা, গবেষণার প্রাথমিক প্রস্তুতি, তথ্য বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারে, সে জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রতিটি বিভাগে ডিজিটাল শিক্ষাসামগ্রী, অনলাইন পাঠ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সহায়তা চালু করা প্রয়োজন। তবে এআই যেন শিক্ষার্থীর নিজস্ব চিন্তা, সৃজনশীলতা ও বিশ্লেষণী ক্ষমতার বিকল্প না হয়ে ওঠে। তথ্য যাচাই, মৌলিক চিন্তা, তথ্যসূত্র উল্লেখ এবং একাডেমিক সততা বজায় রেখে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন করতে হবে। প্রযুক্তির সহায়তা নিয়ে শিক্ষাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও বাস্তবমুখী করাই হওয়া উচিত লক্ষ্য।
এই সংকট উত্তরণে কয়েকটি পদক্ষেপ জরুরি। প্রথমত, বিভাগভিত্তিক শিক্ষকসংকট নিরূপণ করে শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে। নিয়মিত ক্লাস, ব্যবহারিক শিক্ষা ও পরীক্ষা নিশ্চিত করতে বাধ্যতামূলক একাডেমিক ক্যালেন্ডার এবং শিক্ষকদের জবাবদিহির ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয়ত, বন্ধ ও জরাজীর্ণ ছাত্রাবাস সংস্কার করে চালু করতে হবে। নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের মাধ্যমে আবাসন সংকট কমাতে হবে। তৃতীয়ত, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক বিজ্ঞানাগার, সমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে হবে। গবেষণা, বিতর্ক, সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণ করতে হবে।
চতুর্থত, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিনিধিত্বে কার্যকর পরামর্শ ও তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিবছর শিক্ষার মান, পরীক্ষার ফলাফল, শিক্ষকসংকট ও অবকাঠামোগত অগ্রগতি নিয়ে মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করতে হবে। পঞ্চমত, জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে কারমাইকেল কলেজের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় একটি পৃথক বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শিক্ষক নিয়োগ, অবকাঠামো সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা চালুর জন্য সময়বদ্ধ কর্মপরিকল্পনা ঘোষণা করতে হবে।
কারমাইকেল কলেজের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতার প্রশ্ন নয়। উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার সামগ্রিক বিকাশে উভয় প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচয়, সক্ষমতা ও শিক্ষার মান নিশ্চিত করাই প্রয়োজন। সত্তরের দশকে আমরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম, তার মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো। আজ সেই লক্ষ্য পূরণের নতুন দায়িত্ব আমাদের সামনে।
কারমাইকেল কলেজের প্রকৃত ঐতিহ্য শুধু পুরোনো ভবন, ছাত্রাবাস কিংবা স্মৃতিফলকে সীমাবদ্ধ নয়। এর ঐতিহ্য নিহিত রয়েছে শিক্ষার মান, মুক্তবুদ্ধির চর্চা, প্রগতিশীল চিন্তা, সংস্কৃতি, গবেষণা এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখার মধ্যে। ১১০ বছর পূর্তিতে আমাদের দাবি—অতীতের গৌরবের যথার্থ মর্যাদা দিন, বর্তমানের সংকট দূর করুন, গ্রন্থাগারকে প্রাণবন্ত করুন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিশ্চিত করুন। কারমাইকেল কলেজকে শুধু অতীতের গৌরবের স্মারক নয়, আগামী প্রজন্মের মানসম্মত উচ্চশিক্ষার শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করুন।
লেখক: শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সভাপতি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ
রংপুরে আইনজীবীদের বিক্ষোভ, বুধবার- বৃহস্পতিবার কালো কাপড়ে মুখ ঢেকে অবস্থান কর্মসূচি ঘোষণা
২ ঘন্টা আগে
রংপুরে পৃথক ২ স্থানে ৬টি ককটেল নিক্ষেপ
২ ঘন্টা আগে