সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ


প্রকাশ : (১ ঘন্টা আগে)
রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৯ই নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-এর যৌথ উদ্যোগে এই চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর প্রত্যেকের জন্য বরাদ্দ নিশ্চিত করা হয়। এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকে না। অনুদানের নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে বিজ্ঞপ্তি দেওয়া হবে, যাতে তাঁরা আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

তিনি প্রেসক্লাবের সভাপতির উদ্দেশে বলেন, আবেদন যাচাই-বাছাই করে সুপারিশ করতে হবে যেন পেশাদার, অসচ্ছল, অসুস্থ ও জটিল রোগে আক্রান্ত গণমাধ্যমকর্মীরা অগ্রাধিকার পায়। পাশাপাশি গণমাধ্যমকর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকৃত ও অসহায় গণমাধ্যমকর্মীরা যাতে প্রতিবছর এই আর্থিক সহায়তা পান, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান । সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, গত চার বছরের ধারাবাহিকতায় এবারও আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে। এই ধরনের আয়োজন দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতারই প্রতিফলন। এক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হলে তা সাংবাদিক কল্যাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। এর মাধ্যমে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন স্বাস্থ্যসেবা সহজে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক মো: রমিজ আলম (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খৃষ্টফার হিমেল রিছিল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন জেলার সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ, সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চেক বিতরণ অনুষ্ঠানে রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে রংপুরের ২২ জন, গাইবান্ধার ১৪ জন, কুড়িগ্রামের ৮ জন, দিনাজপুরের ৮ জন এবং লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ের একজন করে সাংবাদিক রয়েছেন।

 

বিজ্ঞাপন