মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সাবধান! ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
সাবধান! ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন বা লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এ বিষয়ে সতর্কতা জারি করেছে। একই সঙ্গে ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা কিংবা পেমেন্ট সেবা দিতে পারে না। আইনের ৪(২) ধারার এ বিধান লঙ্ঘন করলে ৩৭(১) ধারায় তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের চিহ্নিত অননুমোদিত প্ল্যাটফর্মগুলো হলো বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়া পে।

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়েছে, অনুমোদনহীন পেমেন্ট সেবা ব্যবহার করে লেনদেন করলে গ্রাহক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আর্থিক ও নিয়ন্ত্রক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই কোনো অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের আগে সেটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট খাতের কার্যক্রমের ওপর নজরদারি অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন