নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা প্রায় ৩৪ লাখ শিশুকে হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী এসব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে এই বিশেষ টিকাদান অভিযান চলবে। কর্মসূচির আওতায় নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়া হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে দেশের মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব কার্যালয়ে জরুরি নির্দেশনা পাঠানো হয়। এতে নিজ নিজ এলাকার হাম ও রুবেলার টিকা না পাওয়া ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছিল।
মাঠপর্যায়ের ওই তথ্য সংগ্রহের ভিত্তিতে সারাদেশে টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করা হয়। এসব শিশুকে হাম ও রুবেলার টিকার আওতায় আনতেই সরকার দেশব্যাপী বিশেষ এই কর্মসূচি হাতে নিয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে বাদ পড়া শিশুদের টিকাদানের আওতায় আনার মাধ্যমে হাম ও রুবেলার সংক্রমণ প্রতিরোধে কার্যকর সুরক্ষা নিশ্চিত করাই এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য।
রংপুরে কিশোরী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার
২৩ ঘন্টা আগে