রংপুরে কিশোরী ধর্ষণ মামলায় ধর্ষক মো: আদনানকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান-এসআরবি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার নাঙ্গলকোট জোড্ডা উত্তর বাংলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আদনান রংপুর নগরীর ৩১নং ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি মামলার এজাহারের বরাত দিয়ে জানান, এসএসসি পরীক্ষা দেয়া ভুক্তভোগী কিশোরীর সাথে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আদনানের। গত ৭ আগস্ট ওই কিশোরীকে বোনের বাড়িতে বেড়াতে নিয়ে যায় আদনান। নাস্তা খাওয়ানোর সময় বাড়ির লোকজন ঘরের বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। এ সময় আদনান ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ওই কিশোরী পরিবারকে জানালে পহেলা সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে আদনানসহ অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ এর সহযোগিতায় বৃহস্পতিবার এসআরবি-১৩ কুমিল্লায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আদনানকে গ্রেফতার করে।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে আদনানকে মিঠাপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।