শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নিউইয়র্ক সফরে ১১ দেশের নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কর্মসূচি ৩০


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
নিউইয়র্ক সফরে ১১ দেশের নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কর্মসূচি ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে তিনি মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সফরে জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, চারটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আরও কয়েকটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দ্বিপক্ষীয় ও অন্যান্য বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে।

মাহদী আমিন বলেন, বিভিন্ন দেশের সঙ্গে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। সফরকালে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরের একটি পর্যায়ে ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে জেপি মরগান চেজ আয়োজিত প্রাতরাশ বৈঠকে অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ এবং বিদেশি বিনিয়োগ আরও বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার বিষয়টি স্বাগত জানানো হয়। বৈঠকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

বিজ্ঞাপন