প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
এ সময় মেজর জেনারেল ক্রিস স্মিথ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও গৌরবোজ্জ্বল অবদানের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান। একই সঙ্গে এ সফরের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।