সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জাতিসংঘ সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশ : (২০ ঘন্টা আগে)
জাতিসংঘ সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে বাসসের প্রতিবেদনে ফ্লাইটটির নির্ধারিত অবতরণের সময় সকাল ৮টা ৪০ মিনিট বলা হয়েছিল।
এর আগে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন। দুবাই হয়ে তিনি দেশে ফেরেন।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ইউএনজিএর সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন। ২৪ সেপ্টেম্বরের ভাষণে তিনি বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, মানবিক বিষয় এবং বহুপক্ষীয় সহযোগিতায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি, উচ্চপর্যায়ের বৈঠক এবং দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন। এসব আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া বিভিন্ন দেশের সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, উন্নয়ন অংশীদার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও তাঁর বৈঠক হয়। সেখানে বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এসব কর্মসূচির মধ্যে নারীনেতৃত্ব, ফার্স্ট স্পাউসেস ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ছিল।
পাঁচ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্বের কর্মসূচি শেষ হলো।

বিজ্ঞাপন