বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মরক্কোর বিপক্ষে হোঁচটের পর হাইতি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ব্রাজিল


প্রকাশ :

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে ব্রাজিল। গ্রুপ ‘সি’র উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্রয়ের পর আগামী ম্যাচে হাইতির বিপক্ষে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী কোচ কার্লো আনচেলত্তির দল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাঝমাঠ ও রক্ষণভাগের কিছু ভুলের সুযোগ কাজে লাগিয়ে ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। তবে বিরতির পর পাল্টে যায় ব্রাজিলের খেলার ধরণ। আক্রমণাত্মক ফুটবল খেলে সমতায় ফিরতে সক্ষম হয় সাম্বা বাহিনী।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, প্রথম ম্যাচে শতভাগ নিখুঁত খেলা কঠিন। তবে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স তাকে আশাবাদী করেছে। দলের দুর্বলতাগুলো চিহ্নিত করা গেছে এবং সেগুলো শুধরে নিয়ে পরবর্তী ম্যাচে আরও ভালো ফুটবল উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চোটের কারণে মাঠের বাইরে থাকলেও পুরো ম্যাচজুড়ে সতীর্থদের উৎসাহ দিতে দেখা গেছে তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে। হাইড্রেশন বিরতির সময় খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে এবং বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রকে পরামর্শ দিতে দেখা যায় তাকে।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশে নেইমার বলেন, একটি ম্যাচের ফল দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। সামনে হাইতির বিপক্ষে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলার আহ্বান জানান তিনি।

এদিকে মরক্কো ম্যাচের পর একটি বিষয় সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করে। সাধারণত দলের সঙ্গে একই বাসে হোটেলে ফেরেন নেইমার। তবে এবার ম্যাচ শেষে তাকে টিম বাসে দেখা যায়নি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।