রজব মাসে সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে ওমরাহ পালনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লাখে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, শুধু রজব মাসেই বিদেশ থেকে ২০ লাখের বেশি মুসল্লি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করেছেন। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও অঞ্চল থেকে আগত এসব মুসল্লির উপস্থিতিতে পবিত্র নগরীগুলোতে ইবাদতের পরিবেশ ছিল প্রাণবন্ত।
কর্তৃপক্ষের ভাষ্য, ওমরাহ পালনকারীর এই উল্লেখযোগ্য বৃদ্ধি সৌদি আরবের উন্নত ও আধুনিক সেবাব্যবস্থার প্রতিফলন। ভিসা প্রক্রিয়ায় ডিজিটাল ব্যবস্থা চালু, অনলাইন বুকিং সুবিধা, স্মার্ট অ্যাপের ব্যবহার এবং সমন্বিত পরিবহন ও আবাসন ব্যবস্থার ফলে মুসল্লিদের যাতায়াত ও ইবাদত আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এতে স্বল্প সময়ে অধিকসংখ্যক মুসল্লি নির্বিঘ্নে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে সরকার দুই পবিত্র মসজিদে মুসল্লিদের প্রবেশ ও ইবাদত আরও সহজ করতে কাজ করছে। যাত্রা পরিকল্পনা থেকে শুরু করে দেশে ফেরার আগ পর্যন্ত নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
এ লক্ষ্যে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সেবার মান উন্নয়নে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল ব্যবস্থার আরও আধুনিকীকরণ, ভিড় ব্যবস্থাপনা জোরদার এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সেবার সম্প্রসারণ।
কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের ফলে আগামীতে ওমরাহ ও হজ পালনকারীর সংখ্যা আরও বাড়বে এবং মুসল্লিরা আরও স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন।
সূত্র: সৌদি গেজেট