রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

২০২৬ সালের হজ সামনে রেখে ৮০ কেন্দ্রে হজযাত্রীদের টিকাদান প্রস্তুত


প্রকাশ :

২০২৬ সালের পবিত্র হজ পালনকে সামনে রেখে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী টিকাদান কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। এ লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য নির্ধারিত টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। এবার সারা দেশে মোট ৮০টি কেন্দ্র থেকে হজযাত্রীদের বাধ্যতামূলক মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৪টি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকেই হজযাত্রীরা টিকা নিতে পারবেন। পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালেও টিকাদানের ব্যবস্থা রাখা হয়েছে। এসব হাসপাতালের মধ্যে রয়েছে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।

ঢাকার বাইরেও বিভাগ ও জেলা পর্যায়ে হজযাত্রীদের টিকা গ্রহণের সুযোগ থাকছে। গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও হজযাত্রীরা টিকা নিতে পারবেন।

টিকা প্রদানের নির্দিষ্ট তারিখ ও সময় পর্যায়ক্রমে হজযাত্রীদের মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টিকা গ্রহণের সময় হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd

) থেকে প্রিন্ট করা ই-হেলথ ডকুমেন্ট সঙ্গে আনতে হবে।

হজ সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার প্রয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হেল্পলাইন ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।