শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

২০২৬ রমজান: কোথায় দীর্ঘ, কোথায় স্বল্প রোজা


প্রকাশ :

পবিত্র রমজান আর মাত্র কয়েক দিনের দূরত্বে। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে মাসব্যাপী সিয়াম সাধনা। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতু পরিবর্তনের কারণে এবারও বিশ্বের সব দেশে রোজার সময় এক হবে না।

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, উত্তর গোলার্ধের দেশগুলোতে রোজার সময় তুলনামূলক দীর্ঘ হবে। এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে ফিনল্যান্ডে। রাজধানী হেলসিংকি ও আশপাশের এলাকায় মুসলমানদের প্রায় ১৭ ঘণ্টা ৩০ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে।

আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডেও রোজার সময় প্রায় ১৭ ঘণ্টার কাছাকাছি থাকবে। স্কটল্যান্ড, কানাডা, সুইজারল্যান্ড ও ইতালিতে রোজার সময় হবে ১৬ থেকে সাড়ে ১৬ ঘণ্টার মতো। যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সে গড়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা রোজা রাখতে হবে।

এর বিপরীতে দক্ষিণ গোলার্ধে দিন ছোট হওয়ায় রোজার সময়ও কম হবে। সবচেয়ে কম সময় রোজা পালন করবেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ও চিলির পুয়ের্তো মন্টের মুসলমানরা—প্রায় ১১ ঘণ্টা ৩০ মিনিট। আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার কেপটাউনে রোজার সময় হবে ১২ থেকে সাড়ে ১২ ঘণ্টা।

এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা। ভারত ও ইন্দোনেশিয়ায় সাড়ে ১২ ঘণ্টার মতো। সংযুক্ত আরব আমিরাতে গড়ে প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখা হবে।

বাংলাদেশে এবারের রমজানে রোজার সময় থাকবে প্রায় ১৩ ঘণ্টা। প্রথম দিনে সাহরি শেষ হবে ভোর ৫টা ১২ মিনিটে এবং ইফতার হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।

বিশেষজ্ঞরা বলছেন, নিরক্ষরেখা থেকে কোনো দেশ যত দূরে, সেখানে দিনের দৈর্ঘ্যের পার্থক্য তত বেশি হয়। এ কারণেই মেরু অঞ্চলের কাছাকাছি দেশগুলোতে রোজার সময়ের ব্যবধান বড় দেখা যায়।

তবে স্বস্তির বিষয় হলো—২০২৬ সালে রমজান শীত মৌসুমে পড়ায় উত্তর গোলার্ধের দেশগুলোতে আগের কয়েক বছরের তুলনায় রোজা কিছুটা সহজ হবে। আর যেসব এলাকায় সূর্য খুব দেরিতে অস্ত যায় বা একেবারেই অস্ত যায় না, সেখানে শরিয়াহ অনুযায়ী মক্কা কিংবা নিকটবর্তী কোনো দেশের সময় অনুসরণ করে রোজা পালন করা হবে।