পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র এই রজনী পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলাম ধর্মে লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বাস করা হয়, এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ রহমত ও ক্ষমা বর্ষণ করেন। তাই মুমিন মুসলমানরা অধিক ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য ও মাগফিরাত লাভের চেষ্টা করেন।
রমজান মাসের এই বরকতময় রাতেই মানবজাতির পথনির্দেশনা হিসেবে পবিত্র আল-কোরআন নাজিল হয়েছিল। এ কারণে লাইলাতুল কদর মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাতভর মসজিদ ও ঘরে ঘরে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও দোয়ার মাধ্যমে সময় কাটাবেন ধর্মপ্রাণ মানুষ।
এ রাতে অনেকেই মিলাদ মাহফিলের আয়োজন করেন এবং আখেরি মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।
পবিত্র শবে কদর উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল ও ইবাদতের আয়োজন করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে রাতভর নামাজ ও দোয়ার কর্মসূচি পালিত হবে।
এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বেতার কেন্দ্রগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। বিভিন্ন সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে শবে কদরের গুরুত্ব ও ফজিলত নিয়ে বিশেষ লেখা।
পবিত্র এই রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সারা দেশের মুসলমানরা ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকবেন।