শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তিস্তার বালু ও বেসরকারি অংশীদারিত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: একটি বিকল্প প্রস্তাব


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
তিস্তার বালু ও বেসরকারি অংশীদারিত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: একটি বিকল্প প্রস্তাব

সরকারি ব্যয়ের সাশ্রয়, টেকসই নদী শাসন, চরাঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (PPP) ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প রূপরেখা।
১. পটভূমি ও ভূতাত্ত্বিক বাস্তবতা
 • উজান থেকে আসা প্রাকৃতিক সম্পদ:
বাংলাদেশের ৫৪টি নদীর উৎস উজানের দেশ ভারত। যুগ যুগ ধরে এই নদী গুলো পানি প্রবাহের সাথে উজান থেকে কোটি কোটি টন পলি ও বালু বয়ে আনছে এবং সেই বালু দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী অঞ্চলে চর ফেলে বাংলাদেশের সমতল ভূমিকে দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে কারণে ভোলা  লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ নদী অঞ্চল এখন সমতল ভূমিতে পরিণত হয়েছে। এ বালুর বেশিরভাগই উজানের দেশ ভারত থেকে আসে। পাহাড়ের ঝরনার পানি প্রবল বেগে নিচে নামার সময় পাহাড়ের পাথর বালু পলিকে  সাথে নিয়ে ভাটির পথে চলে আসে। যেহেতু আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগর অবস্থিত তাই সাগরের পানিতে নদীর পানি মিশতে গিয়ে জোয়ারের ধাক্কায় নদীর মোহনায় স্থির হয়ে যায়,ফলে স্থির পানি তার বয়ে আনা বালু ও পলি তলদেশে জমে চর তৈরি করে নদী তে সমতল ভূমিতে পরিণত করে। এক সময় মানুষ পশু পাখি গাছপালা সেখানে বসত করে বা জন্ম নেয়। এ ভাবেই বাংলাদেশ গড়ে উঠছে হাজার বছর ধরে। নদীর পানি উজান থেকে আসার সময় বাংলাদেশের উজানের নদী তীরবর্তী এলাকাও প্লাবিত করে এবং ভেঙে ভারতের বালু মাটির সাথে মিশে ভাটিতে নিয়ে যায়। যে নদীর স্রোত যত প্রখর সে নদীতে ভাঙন তত বেশি এবং বালু ও মাটি তত বেশি । তিস্তা সে ধরনের একটি প্রখর স্রোত ধারার নদী । এই নদী ভারতের পশ্চিম বাংলার জলপাইগুড়ি জেলা হয়ে বাংলাদেশের নীলফামারী ও লালমনিরহাট জেলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদী প্রতি বছরই উজানের বালু পাথর ও পলিমাটি বহন করে আমাদের দেশে প্রবেশ করে বিধায় ঐ বালু ও মাটি এ দেশের  প্রাপ্ত বিশাল প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ ভারতের ভাটিতে থাকায় ঐ সম্পদ বাংলাদেশের প্রাপ্য। প্রকৃতির এই নিয়মে বাধা দিলে কিছু দিন পর পর প্রকৃতি নিজেই তার প্রতিশোধ নেয়। কয়দিন পর পর নেপালের ভূমিধস হিমালয়ের ভূমিধস তার উদাহরণ। ভাটি যত গভীর হবে উজানের সম্পদ তত বেশি ভাটিতে আসবে। পরিবেশ তৈরি করে দিলে একশত বছরে যা আসবে তা ১০ বছরেই আনা সম্ভব। এতে উজানের দেশ অসন্তুষ্ট হবে এটাই স্বাভাবিক। উজানের দেশ যদি ভাটির দেশকে ঠকাতে উজানের পানি সরায়ে নিতে পারে তাহলে ভাটির দেশ  কেন তাদের সম্পদ নিতে পারবে না? ভারত এ বিষয়টি জানে বিধায় ভাটির দেশ হিসাবে বাংলাদেশ যাতে তাদের নদী গুলোকে খনন করে গভীর করতে না পারে তার জন্য প্রচেষ্টা করবেই এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয় হলো এ দেশের যে মানুষ গুলো তাদের সেই কর্মকে সমর্থন করে কিংবা নীতিগত দেশ প্রেমিক কি না তা ভাবনার বিষয়। যদি এক সময় গতি পথ পরিবর্তন করে অন্য দিকে যায় তাহলে কি আমরা সেই সম্পদ ভোগ করতে পারবো? কখনই নয়। তাই ভবিষ্যতের জন্য নয় এখনই সম্পদ ভোগ করা উচিৎ। অথবা উজান যদি শুষ্ক মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটায়, তাহলে আমরা বনচিত হব । সে কারণে ভাটির দেশ হিসেবে পানির সাথে ভেসে আসা এই বিপুল খনিজ বালু ও মাটিকে পরিকল্পিতভাবে কাজে লাগানো বাংলাদেশের অর্থনৈতিক ও ভৌগোলিক অধিকার।নদী থেকে পরিকল্পিতভাবে বালু তুললেই দুই তীর ভেঙে যায়—এই ঢালাও তত্ত্ব মাঠপর্যায়ের বাস্তবতার সাথে মেলে না। উদাহরণ হিসেবে 
১। কাউনিয়া রেলসেতু এলাকা- তিস্তার প্রশস্ততা প্রায় ৬৫০ মিটার। দীর্ঘ সময় ধরে নদী সেখানে একটি নির্দিষ্ট চ্যানেলে প্রবাহিত হচ্ছে এবং দুই তীরের ভাঙন প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়ে আসছে তেমন কোন সমস্যা হচ্ছে না ।
২। তিস্তা সোলার প্রকল্প এলাকা-উলিপুরের থেতরাই-গুনাইগাছ ও সুন্দরগঞ্জের তারাপুর অংশে সোলার প্রকল্পের জন্য প্রায় ১২ কোটি সিএফটি বালু উত্তোলন এবং সুদৃঢ় পাড় রক্ষা করায় গত প্রায় এক দশকেও কোনো অস্বাভাবিক ভাঙন দেখা যায়নি; বরং নদী তার গভীরতা ও ভারসাম্য রক্ষা করেছে।
 ৩। সুন্দরগঞ্জ-গাইবান্ধা সংলগ্ন বাঁধ ও আলীবাবা থিম পার্ক এলাকা-সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ১৭ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ ও নদী শাসন করে প্রায় দশ বছর ধরে টিকিয়ে রাখা সম্ভব হয়েছে।
তিস্তা নদী নিয়ন্ত্রণে সরকারি ব্যয় বনাম বেসরকারি উদ্যোগের তুলনামূলক চিত্র
 • সরকারি ব্যয় কাঠামো: প্রচলিত সরকারি প্রাক্কলন অনুযায়ী তিস্তার প্রতি মিটার বাঁধ নির্মাণ ও নদী শাসনে বিপুল অর্থ (প্রায় ১,৬০,০০০ টাকা/মিটার) ব্যয় ধরা হয়, যা দীর্ঘসূত্রতা ও বিশাল বাজেটের ওপর নির্ভরশীল।
 • বাস্তব অভিজ্ঞতা: যথাযথ তদারকি, স্থানীয় উপকরণ এবং সার্বক্ষণিক তাৎক্ষণিক সংস্কারের (Continuous Maintenance) নীতি গ্রহণ করলে এই ব্যয়ের একটি উল্লেখযোগ্য ভগ্নাংশেই কার্যকর নদী শাসন সম্ভব।
 • মূল শর্ত: নদী শাসনের স্থায়িত্ব নির্ভর করে 'জিরো-টলারেন্স নিয়মিত তদারকি'র ওপর। বাঁধের সামান্যতম ত্রুটি দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে মেরামত করার ব্যবস্থা থাকতে হবে।


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিকল্প প্রস্তাবসমূহ (PPP মডেল)-
ক. বেসরকারি বিনিয়োগ ও নদী শাসন বিনিময় নীতি-সরকার উন্মুক্ত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) কাঠামোর অধীনে বেসরকারি উদ্যোক্তাদের নদী খনন ও নির্দিষ্ট দৈর্ঘ্যের নদী শাসনের দায়িত্ব অর্পণ করতে পারে। যেখানে সংশ্লিষ্ট উদ্যোক্তা নির্দিষ্ট এলাকার নদী খনন করবেন এবং দুই তীরের বাঁধ নির্মাণ ও সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবেন।
 • প্রণোদনা/বিনিময়: সফলভাবে নদী শাসন সম্পন্ন ও রক্ষণাবেক্ষণের শর্তে সংশ্লিষ্ট উদ্যোক্তাকে নদীর তীরে উদ্ধারকৃত/পুনরুদ্ধারকৃত জমিতে নির্দিষ্ট মেয়াদে অর্থনৈতিক প্রকল্প (যেমন: সৌরবিদ্যুৎ কেন্দ্র, প্রাইভেট জেটি, কৃষিভিত্তিক শিল্প কারখানা, ইকো-ট্যুরিজম পার্ক বা ইপিজেড) স্থাপনের দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া হবে।
খ. বালু উত্তোলন ও বাণিজ্যিক ব্যবহারের অধিকার-
 • খননকৃত বালু উত্তোলক প্রতিষ্ঠান নিজস্ব অবকাঠামো উন্নয়নে ব্যবহার করতে পারবে অথবা বাণিজ্যিকভাবে উন্মুক্ত বাজারে বিক্রি করে তাদের নদী খনন ও বাঁধের ব্যয় নির্বাহ করতে পারবে। এর ফলে সরকারের নিজস্ব কোষাগার থেকে অতিরিক্ত বাজেট বরাদ্দ ছাড়াই স্ব-অর্থায়নে (Self-financing) নদী খনন কার্যক্রম সচল থাকবে।
গ. চরাঞ্চলের পুনর্বাসন ও সমবায়ভিত্তিক কৃষি অর্থনীতি-
 • নদীকে একটি নির্দিষ্ট প্রশস্ততায় শাসন করার ফলে দুই তীরে যে সুবিশাল চরাঞ্চল স্থায়ী ভূমিতে রূপান্তরিত হবে, তা স্থানীয় নদীভাঙা ও চরের মানুষের মাঝে সমবায় ভিত্তিতে বণ্টন করা হবে।যেটি কার্যকর হলে চর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাত ও দীর্ঘস্থায়ী মামলা-মোকদ্দমা বন্ধ হবে এবং চরাঞ্চলের বিপুল উর্বর জমিতে আধুনিক কৃষিকাজ শুরু হয়ে জাতীয় জিডিপিতে বড় ভূমিকা রাখবে।


নীতি-নির্ধারণী মহলের প্রতি সুপারিশ
১. আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও বিদেশি আর্থিক ঋণের ওপর শতভাগ নির্ভর না করে স্থানীয় বাস্তব অভিজ্ঞতাকে নীতিমালায় অন্তর্ভুক্ত করা হোক। 
২. দেশীয় নদী গবেষক, হাইড্রোলজিস্ট এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে একটি সরেজমিন কারিগরি মূল্যায়ন কমিটি গঠন করে প্রস্তাবিত মডেলটির সম্ভাব্যতা দ্রুত যাচাই করা হোক।
 ৩. নদী খনন ও বালু উত্তোলনকে ঢালাওভাবে নিষিদ্ধ বা সীমিত না করে, এটিকে পরিবেশসম্মত 'কন্ট্রোল্ড ড্রেজিং ও ক্যাপিটালাইজেশন' কাঠামোর মধ্যে আনা হোক।
প্রকল্পের সফলতার উদাহরণ হিসাবে  নিম্নের কয়েকটি পদক্ষেপে বিবেচনা করা যেতে পারেঃ-
১। রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাট বোল্ডারের মাথা থেকে কুড়িগ্রামের উলিপুরের হোকডাঙগা ইউনিয়ন পর্যন্ত তিস্তা সোলারের জন্য প্রাইভেট উদ্দোগে নির্মিত ১৭ কিমি বাঁধে ১৭ কোটি টাকা ব্যয়ের বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া যেতে পারে ।
২। ড্রেজিং যেন অনিয়ন্ত্রিত বালুমহালের রূপ না নেয়, সেজন্য "হাইড্রোলজিক্যাল সার্ভে অনুযায়ী নির্দিষ্ট চ্যানেল গভীরকরণ" শব্দটি ব্যবহার করা উচিৎ। এতে পরিবেশবাদী ও গবেষকদের সমালোচনার পথ বন্ধ হতে পারে।
৩। নদী গবেষক বা সাংবাদিকদের দেশপ্রেমের বিষয়টি খতিয়ে দেখা উচিত অথবা "মাঠপর্যায়ের তথ্যহীনতা ও আমলাতান্ত্রিক তাত্ত্বিক সীমাবদ্ধতা"  বিবেচনা করা উচিৎ ।

বিজ্ঞাপন
এ সম্পর্কিত আরও পড়ুন
রাজনীতির খাল ? রাজনীতির খাল ?
বিজ্ঞাপন