জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে তরুণদের সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে 'সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি' প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালমনিরহাট সাধারণ পাঠাগারের (আলোকিত সাংস্কৃতিক ফোরাম) হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় অদম্য যুব সংগঠনের আয়োজনে কর্মসূচিটি হয়।
কর্মশালায় ফ্যাসিলিটেশন করেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন ও নির্বাহী সদস্য স্মৃতী আক্তার বৃষ্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদম্য যুব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তন্ময়, সাংগঠনিক সম্পাদক মোছাঃ ববিতা সুলতানা ও প্রচার সম্পাদক ইয়াসিন আলী পাভেল। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং প্রকল্পের যুব স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
কর্মশালায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় সেক্স ও জেন্ডারের পার্থক্য, জেন্ডার স্টেরিওটাইপ এবং মেয়ে ও নারীর অধিকার তুলে ধরা হয়। এ ছাড়া সোশ্যাল মিডিয়া সুরক্ষা, ডেটা গোপনীয়তা, অনলাইন হয়রানি মোকাবিলা, মিডিয়া সাক্ষরতা এবং লবিং ও অ্যাডভোকেসি ক্যাম্পেইন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা চারটি দলে ভাগ হয়ে দলীয় কাজ করেন এবং নিজেদের কাজ উপস্থাপন করেন। আয়োজকরা জানান, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নিরাপদ অনলাইন আচরণ নিশ্চিত করতে তরুণদের সচেতন ও সক্রিয় করাই এ কর্মশালার লক্ষ্য।