বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৩


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটের আদিতমারীতে প্রধান শিক্ষককে পুনর্বহাল নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনায় প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে এবং একজনকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলম, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মনোয়ারুল, হামিদুল, সিয়াম ও সামিউল এবং নবম শ্রেণির শিক্ষার্থী রুবেলসহ ১৩ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রশিদুল আলম। সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি বিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁর কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র লিখে নেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তী সময়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে তাঁকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন। গত মাস থেকে এ দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেন তাঁরা। এর অংশ হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসন প্রধান শিক্ষককে স্বপদে বিদ্যালয়ে ফেরার নির্দেশ দেয়।

তবে স্থানীয় একটি পক্ষের বিরোধিতায় প্রধান শিক্ষকের বিদ্যালয়ে ফেরা নিয়ে উত্তেজনা তৈরি হয়। কয়েক দিন ধরে এ নিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

মঙ্গলবার প্রধান শিক্ষক রশিদুল আলম বিদ্যালয়ে উপস্থিত হলে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাঁকে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রধান শিক্ষকসহ ১৩ জন আহত হন।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থী মনোয়ারুল ইসলাম বলেন, ‘আগে না বুঝে প্রধান শিক্ষকের বিরোধিতা করেছিলাম। পরে তাঁকে ছাড়া বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হতে দেখে পুনর্বহালের দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। মঙ্গলবার স্যার বিদ্যালয়ে এলে ৪০ থেকে ৫০ জন বহিরাগত এসে শিক্ষকসহ আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা আহত হয়েছি। আমরা প্রধান শিক্ষকের পুনর্বহাল এবং হামলাকারীদের বিচার চাই।’

প্রধান শিক্ষক রশিদুল আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি পক্ষ ভয়ভীতি দেখিয়ে আমাকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দিয়ে আসছিল। উপজেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার বিদ্যালয়ে গেলে ৪০ থেকে ৫০ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়। শিক্ষক ও শিক্ষার্থীরা আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরলখাঁ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন