লালমনিরহাটের বড়বাড়ী জিসি-কুলাঘাট ইউপি বারোহাত কালী মন্দির ভায়া আওলিয়ার পার্ট সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (১৬ই অক্টোবর) বিকেলে জেলার কুলাঘাট ইউনিয়নের বারোহাত কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এলাকার উন্নয়নে কোনো কাজ অসম্পূর্ণ রাখতে চাই না। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো।
মন্ত্রী বলেন, এলাকার উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বেশ কিছুর বাস্তবায়ন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বারোহাত কালী মন্দিরে যাতায়াতের রাস্তাটি খারাপ অবস্থায় ছিল। আজ এর উন্নয়নকাজের উদ্বোধনের মাধ্যমে এই এলাকার মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ হলো। এ ছাড়াও তিনি বলেন, কুলাঘাট হাইস্কুল থেকে বেলেরভিটা পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়েছে।
ধরলা নদীর ভাঙনরোধে গৃহীত উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে নদীর তীর সংরক্ষণে বাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প পাস হয়েছে। শিগ্গিরই এর বাস্তবায়ন কাজ শুরু হবে। তিনি এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং স্থানীয়দের যেকোনো প্রয়োজন ও সমস্যার কথা তাঁকে জানানোর আহ্বান জানান।
ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মন্দির, মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ের মর্যাদা রক্ষা এবং সেগুলোর উন্নয়নে কাজ করা সবার দায়িত্ব। তিনি সবার সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: আখতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. ইনসাফুল হক সরকার, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লালমনিরহাটের বাস্তবায়নে এক কোটি সাত লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে ৯৪৫ মিটার দীর্ঘ সড়কটির উন্নয়নকাজ করা হচ্ছে।
এর আগে মন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ীতে স্বোচ্চার সংসদের নতুন ভবনের উদ্বোধন করেন।