রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর সংবাদ সম্মেলন


প্রকাশ : (১৩ ঘন্টা আগে)
লালমনিরহাটে সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর সংবাদ সম্মেলন
লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম হাড়িভাঙ্গা এলাকায় সরকারি রাস্তার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
 
শনিবার(১৪ নভেম্বর) আয়োজিত এই সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম। এর আগে এ ঘটনায় প্রতিকার চেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, হাড়িভাঙ্গা বাজার মোড় হতে পশ্চিম হাড়িভাঙ্গামুখী সরকারি পাকা রাস্তাটি পশ্চিম হাড়িভাঙ্গা জামে মসজিদ হয়ে একটি রাস্তা ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দিকে এবং অন্যটি পশ্চিম দিকে চলে গেছে। ওই রাস্তা সংলগ্ন তফশিলভুক্ত (খারিজ খতিয়ান নং- ২২৯৯, দাগ নং- ১১৫৫) জমিতে মোছাঃ জাফরিন আক্তার বহুতল ভবনের নির্মাণকাজ পরিচালনা করছেন।
 
অভিযোগে উল্লেখ করা হয়, ভবন নির্মাণের সময় রাস্তার কোনো কোনো স্থানে ৪ ফুট এবং কোনো কোনো স্থানে ৩ ফুট জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণকাজ চালানো হচ্ছে। স্থানীয় রাস্তা ব্যবহারকারীরা নিষেধ করলেও তা অমান্য করে কাজ অব্যাহত রাখা হয়। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর অ্যাডঃ রফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মমতাজ আলী সরকারসহ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে যোগাযোগ করলে তার পরামর্শে ৯ সেপ্টেম্বর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করা হয়।
 
আবেদনের প্রেক্ষিতে সদর ভূমি অফিসের সার্ভেয়ার এবং পরবর্তীতে ইউএনও-র নির্দেশে পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সহিদুল ইসলাম ও সার্ভেয়ার দিলীপ কুমার রায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিনে মাপজোখ করেন। পরে গত ৯ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) দুই-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী।
 
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্মাণাধীন বাড়ির কাজের তদারকির দায়িত্বে থাকা জমির মালিকের ভায়রাভাই শাহাবুদ্দিন বলেন, ক্রয়কৃত সম্পত্তিতেই বাড়িটি নির্মাণ করা হয়েছে। রাস্তা থেকে তিন ফুট জায়গা আমরা ছেড়ে দিয়েছি। বহুতল এই বাড়িটি নির্মাণের নকশা অনুমোদিত কি না জানতে চাইলে তিনি জানান, জ্বী আছে।
 
সংবাদ সম্মেলনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারা অনুযায়ী দ্রুত সরকারি রাস্তার অবৈধ দখল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন