আগুনে পোড়া ত্বক সারানোর মূল চাবিকাঠি হলো দ্রুত ও সঠিক প্রাথমিক চিকিৎসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণ ঠেকানো এবং শরীরের ভেতর থেকে পুষ্টি জোগানো। সঠিক যত্নে ত্বক দ্রুত পুনরুদ্ধার সম্ভব।
প্রথমেই যেটা মনে রাখতে হবে, পোড়া জায়গায় যদি ফোসকা ওঠে, সেটি কখনোই নিজে থেকে ফাটানো যাবে না। এতে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।
বিশুদ্ধ অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন—এটি ব্যথা ও জ্বালা কমায়, ত্বকের টিস্যু পুনর্গঠনেও সাহায্য করে।
প্রতিদিন পরিষ্কার হাত দিয়ে ক্ষতস্থান হালকা গরম পানিতে ধুয়ে নিন এবং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেপ্টিক মলম ব্যবহার করুন।
খোলা পোড়া অংশকে ধুলা, ব্যাকটেরিয়া ও সংস্পর্শ থেকে রক্ষা করতে হালকা গজ বা ব্যান্ডেজ লাগানো ভালো।
ভেতর থেকে ত্বক সারাতে দরকার পুষ্টিকর খাবার—প্রোটিনের জন্য মাছ, ডিম, মাংস ও ডাল খান। পাশাপাশি ভিটামিন সি–সমৃদ্ধ ফল যেমন লেবু, কমলা, পেয়ারা ক্ষত শুকাতে সাহায্য করে। জিঙ্ক–যুক্ত খাবার যেমন ডিম, বাদাম ও বীজও ত্বক দ্রুত সারাতে সহায়ক।
সবশেষে মনে রাখুন, পোড়া স্থানে কখনোই বরফ, টুথপেস্ট, ঘি, মাখন বা হলুদ লাগাবেন না। ফোসকা বা খোসা তুলবেন না এবং অপরিষ্কার হাতে ক্ষতস্থানে হাত দেবেন না। এই কয়েকটি নিয়ম মানলে পোড়া ত্বক অনেক দ্রুত সেরে ওঠে।