শীত এলেই অনেকের নিত্যসঙ্গী হয়ে ওঠে সর্দি, কাশি, গলা ব্যথা কিংবা হালকা জ্বর। এই সময়ে শরীরকে স্বস্তি দিতে কার্যকর ও সহজ একটি পানীয় হলো তুলসি পাতার চা। প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা থেকে শুরু করে আধুনিক জীবনধারাতেও তুলসির ব্যবহার গুরুত্বপূর্ণ বলেই ধরা হয়।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক
শীতকালে তুলসি চা পান করার বড় একটি উপকারিতা হলো ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখা। তুলসিতে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত তুলসি চা খেলে ঠান্ডাজনিত সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমতে পারে। যারা বারবার সর্দি বা গলা ব্যথায় ভোগেন, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।
সর্দি-কাশিতে স্বস্তি
তুলসিকে ঔষধি গাছ হিসেবে চিহ্নিত করা হয় বহুদিন ধরেই। তুলসি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। শীতকালে ভাইরাসজনিত সর্দি-কাশি বা ফ্লু হলে তুলসি চা গলা ও বুকে আরাম দেয়। এটি কফ পাতলা করতে সহায়তা করে, শ্বাসনালির প্রদাহ কমায় এবং কাশি প্রশমনে ভূমিকা রাখে।
হজম ও মানসিক স্বস্তিতে ভূমিকা
শীতে অনেকেরই হজমের সমস্যা, গ্যাস বা পেট ফাঁপার অভিযোগ দেখা যায়। তুলসি চা হজম এনজাইমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং অন্ত্রের অস্বস্তি কমায়। পাশাপাশি এটি শরীরের মেটাবলিজম স্বাভাবিক রাখতে সহায়ক। তুলসি একটি প্রাকৃতিক অ্যাডাপ্টোজেন হিসেবেও পরিচিত, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। দিনে এক থেকে দুই কাপ তুলসি চা ক্লান্তি দূর করতে এবং মন ভালো রাখতে সহায়ক হতে পারে।
সব মিলিয়ে, শীতকালে শরীর ও মন দুটোকেই চাঙ্গা রাখতে তুলসি চা হতে পারে সহজ ও প্রাকৃতিক একটি অভ্যাস।