মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১লা আগস্ট মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত এই সিনেমাটি ‘স্পাইডার-ম্যান’ সিরিজের নতুন অধ্যায় হিসেবে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ ও উচ্ছ্বাস।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে আবারও দেখা যাবে টম হল্যান্ডকে। তার সঙ্গে রয়েছেন জেনডায়া, জ্যাকব ব্যাটালন এবং মার্ক রাফেলোর মতো জনপ্রিয় তারকারা।
এবারের সিনেমায় নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ক। যদিও তার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি নির্মাতারা, তবে এ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ইমান এসফান্দি।
চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ হচ্ছে জন বার্নথালের প্রত্যাবর্তন। তিনি আবারও ‘দ্য পানিশার’ বা ফ্র্যাঙ্ক ক্যাসেল চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন, যা মার্ভেল অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।
গল্পের দিক থেকে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরবর্তী সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। আগের চলচ্চিত্রের শেষদিকে ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যায়। ফলে এবার সম্পূর্ণ একা অবস্থায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাবে তাকে। নিউইয়র্ক শহরকে রক্ষা করার পাশাপাশি তাকে মোকাবিলা করতে হবে রহস্যময় নতুন শত্রু এবং নিজের পরিবর্তিত বাস্তবতাকে।
প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি আলোচনায় রয়েছে। নির্মাতাদের দাবি, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র। এর মাধ্যমে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমাটি উপভোগ করতে পারবেন, যা বড় পর্দার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে।
মুক্তির আগেই সিনেমাটির ট্রেলার রেকর্ড গড়েছে। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটির বেশি ভিউ অর্জন করে। পাশাপাশি বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিতেও দেখা গেছে ব্যাপক সাড়া। সব মিলিয়ে, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ যে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত হলিউড চলচ্চিত্র, তা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে কোনো দ্বিমত নেই।