বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তুরস্ক-পাকিস্তানের সৌদি সহায়তা উদ্যোগকে স্বাগত জানালেন ট্রাম্প


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
তুরস্ক-পাকিস্তানের সৌদি সহায়তা উদ্যোগকে স্বাগত জানালেন ট্রাম্প

সৌদি আরবের নিরাপত্তা জোরদারে তুরস্ক ও পাকিস্তানের সামরিক সহায়তার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ অক্টোবর) টেক্সাস সফরে যাওয়ার আগে হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্ক ও পাকিস্তান আগ্রহ দেখিয়েছে। তাদের এই উদ্যোগকে তিনি ভালো পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এদিকে সৌদি আরবের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আওতায় রিয়াদে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তিন দেশ নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় প্রয়োজন হলে সৌদি আরবে দ্রুত সামরিক সদস্য ও সামরিক সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য শিগগিরই তুরস্কের পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বৈঠকে আঞ্চলিক সংকট নিরসনে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বলেন, যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে সৌদি আরবের নিরাপত্তা এবং মক্কা-মদিনার পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করা হবে। তিন দেশই পবিত্র শহর দুটিকে লক্ষ্য করে যেকোনো হামলার প্রচেষ্টার নিন্দা জানিয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সংঘাতের মধ্যেই এই প্রতিরক্ষা সহযোগিতার উদ্যোগ সামনে এলো। এর আগে হুথিদের বিভিন্ন হামলায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে। সাম্প্রতিক সময়ে ইয়েমেন সরকার ও হুথিদের মধ্যে আবারও সংঘাত বাড়ার পাশাপাশি লোহিত সাগরে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বিজ্ঞাপন