সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে বড় পরিবর্তন, বাদ রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতাটি


প্রকাশ : (১৭ ঘন্টা আগে)
পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে বড় পরিবর্তন, বাদ রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতাটি

পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘আফ্রিকা’ বাদ দিয়ে তার জায়গায় অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘শিবাজী উৎসব’ অন্তর্ভুক্ত করা হচ্ছে। সনাতনী পরম্পরা ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়েই এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়।

সংবাদমাধ্যম এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতার সমালোচনার যে বিষয়টি উঠে এসেছে, সেটির পরিবর্তে সিলেবাসে সনাতনী ভাবধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

শুধু কবিতায় নয়, সাহিত্য ও ইতিহাসের পাঠ্যসূচিতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। নাটকের অংশে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ যুক্ত করা হয়েছে। এর ফলে বাদ পড়ছে ‘সিরাজদৌল্লা’ নাটক। একই সঙ্গে মুঘল সাম্রাজ্যের ইতিহাসের পরিসর কমিয়ে জাতীয়তাবাদী আন্দোলনের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন কাঠামোয় সাম্যবাদ বা কমিউনিজম-সংক্রান্ত বিস্তারিত অধ্যায়ও সংক্ষিপ্ত করা হচ্ছে। ভাষাগত পরিবর্তনের অংশ হিসেবে ‘পানি’, ‘আব্বা’ ও ‘আম্মু’র মতো কিছু শব্দও পাঠ্যবই থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পূর্ববর্তী তৃণমূল সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আলোচিত কয়েকটি বিষয়ও নতুন পাঠ্যবইয়ে থাকছে না। বাদ পড়ছে ‘কন্যাশ্রী’ প্রকল্প এবং সিঙ্গুর আন্দোলনের ইতিহাস। ২০০৬ সালে সিঙ্গুরে টাটার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছিল। পরে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমি ফেরত দেওয়া হয়।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে সিঙ্গুর আন্দোলন অন্তর্ভুক্ত করা হলেও সংশোধিত পাঠ্যক্রমে তা আর রাখা হচ্ছে না। আগামী বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া নতুন বইয়ে এসব পরিবর্তন কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন