মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আফগানিস্তানে পাকিস্তানের রাতভর বিমান হামলা, নিহত ৩


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
আফগানিস্তানে পাকিস্তানের রাতভর বিমান হামলা, নিহত ৩

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় রাতভর পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে কুনার ও পাক্তিকা প্রদেশের কয়েকটি এলাকায় এসব হামলা চালানো হয়।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কুনার প্রদেশের নূরগাল জেলার পাতান গ্রামে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালায়। হামলায় একটি বসতবাড়িতে থাকা তিন বেসামরিক নাগরিক নিহত হন।

এরপর ভোর ৪টার দিকে পাক্তিকা প্রদেশের বারমাল জেলার টোর কান্দি ও রাখা এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। এ সময় কয়েকটি খালি দোকান ও পরিত্যক্ত বাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। তবে ওই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ হামলার বিষয়ে সোমবার পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের ভেতরে থাকা ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

বিমান হামলার আগের দিন খাইবার পাখতুনখাওয়ার হাংগু জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দুই কর্মকর্তাসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হন। একই সময়ে কোহাটে সাম্প্রতিক হামলার সঙ্গে আফগানিস্তান থেকে আসা সশস্ত্র গোষ্ঠীগুলো জড়িত ছিল বলেও দাবি করে পাকিস্তান।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা ও পারস্পরিক অভিযোগ বেড়েছে। কাবুল এসব বিমান হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। অন্যদিকে ইসলামাবাদ বলছে, পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তারা এসব অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন