শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কেশম দ্বীপে ফের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার খবর


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
কেশম দ্বীপে ফের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার খবর

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুই দফায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

শনিবার (৭ নভেম্বর) তাসনিম জানায়, প্রাথমিক তথ্যে দ্বীপটিতে দুই দফায় ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানায় সংস্থাটি।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় দুটি বস্তু আছড়ে পড়তে দেখেছেন তাঁরা। এর আগে আকাশে উড়োজাহাজের শব্দও শোনা গিয়েছিল।

বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। দেশটির প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ধ্বংস করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে শুক্রবার একই দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের আরেকটি ড্রোন ভূপাতিত করার খবর প্রকাশ করে ইরানি গণমাধ্যম। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে জানানো হয়, সেটি ছিল এমকিউ-১ মডেলের ড্রোন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি-এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, দুই পক্ষ এখনো একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন